ফুলের রাজ্য গদখালি, যশোর

বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন গদখালী। বাণিজ্যিকভাবে এখানে ফুলের চাষ হয় বলে ফুলের রাজ্য গদখালিকে (Godkhali flower garden) বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।

১৯৮২ সালে প্রথম গদখালীতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়। দেশের মোট ফুলের ৮০% ফুল উৎপাদিত হয় গদখালীতে। গদখালীর ফুল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছায়। শুধু দেশেই নয় সীমিত পরিসরে গদখালীর ফুর বিদেশে রপ্তানি করা হয়। যা থেকে বছরে আয় হয় প্রায় ৫’শ কোটি টাকা।

আপনারা যারা গদখালী ফুলের বাগান ঘুরতে আসবেন তারা শীতের মৌসুম অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসবেন। প্রতি বছর যশোর জেলা পরিষদের উদ্যোগে গদখালীতে ফুলের মেলার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা মেলায় আসেন।

দর্শনার্থীদের বিনোদনের জন্য গদখালীতে কয়েকটি ফুলের পার্ক তৈরি করা হয়েছে। এই পার্ক গুলোর মধ্যে নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, দি ফ্লাওয়ার ভিলেজ, ফুল কুঁড়ি পার্ক উল্লেখ্যযোগ্য। প্রত্যেকটি পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৩০ টাকা।

পার্কের ভিতর বিভিন্ন রাইড, কিডস জোন, সেলফি জোন, বসার স্থান, ফাস্ট ফুডের দোকান ও বিভিন্ন রঙের ফুলের বাগান রয়েছে। ছবি তোলার জন্য এখানে ক্যামেরা ম্যান পাবেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া “ছাতা রোড” গদখালি পার্কের ভিতর অবস্থিত।

Godkhali flower garden

যশোরের ঝিকরগাছা ও শার্শা থানার গ্রামগুলোর রাস্তার দুপাশের দিগন্ত জোড়া জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ দেখতে পাবেন। এর মধ্যে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওল্যাস, গাঁদা উল্লেখ্যযোগ্য। সারা বছর এখানে বাহারি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা দর্শনার্থীদের বিমোহিত করে।

নোট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে ০৮ -১৪ ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত গদখালী ফুলের রাজ্যের পার্কসমূহ বন্ধ থাকার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফুলের রাজ্য গদখালি কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে যশোর যেতে পারবেন। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, নবীনগর বাস টার্মিনাল থেকে সোহাগ, হানিফ, গ্রীন লাইন, শ্যামলী, ঈগল, দেশ ট্র্যাভেল, টুঙ্গিপাড়া, ইমাদ, এম আর, গোল্ডেন লাইন পরিবহনে চড়ে যশোর আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ১,৫০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে, বেনাপোল এক্সপ্রেস প্রতি বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন রাত ১১ টা ৪৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে এবং রূপসী বাংলা এক্সপ্রেস প্রতি সোমবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে যশোর ছেড়ে আসে। ট্রেনের সিটভেদে জনপ্রতি টিকেট মূল্য ৪১০ থেকে ১,৯২৭ টাকা।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার এয়ারলাইন্সে চড়ে যশোর বিমানবন্দর আসতে পারবেন। সিট ভেদে জনপ্রতি বিমান ভাড়া ৪,৫০০ থেকে ১০,০০০ টাকা।

যশোর থেকে গদখালী যাওয়ার উপায়

যশোর বাস টার্মিনাল বা যশোর শহর থেকে গদখালীর বাসে চড়ে জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে গদখালী বাজার মোড় নেমে যাবেন। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে গদখালি পার্কে যেতে পারবেন।

কোথায় থাকবেন

ফুলের রাজ্য গদখালি ঘুরার জন্য ভালো জায়গা হলেও থাকার জন্য যশোর শহর ভালো স্থান। যশোর শহরে থাকার জন্য ভালো মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল আর.এস ইন্টারন্যাশনাল, হোটেল শাসম ইন্টারন্যাশনাল, হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল উল্লেখ্যযোগ্য।

এছাড়া যশোর সরকারি বেশকিছু রেস্ট হাউজ ও মোটামুটি মানের আবাসিক হোটেল রয়েছে। এসব আবাসিক হোটেল গুলোতে থাকতে পারবেন। যশোর আবাসিক হোটেল মোবাইল নাম্বার জানুন।

কোথায় খাবেন

গদখালী বাজার ও পার্কের ভিতর বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে। সেখান থেকে টুকাটুকি ফুসকা, চটপটি, ঝালমুড়ি, জুস খেতে পারবেন। এছাড়া যশোর শহরে খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। যেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

আরো পড়ুন