সুরা মসজিদ, দিনাজপুর

সুরা মসজিদ (Sura Masjid) বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে ১০ কিলোমিটার পশ্চিমে ও ঘোড়াঘাট-হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয়ের পরে অবস্থিত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন।

মসজিদটি পূর্ব ও পশ্চিম দিকে লম্বা। এর বাহিরের মাপ ১২.১২ মিটার x ৭.৮৭ মিটার এবং মূল কক্ষের ভেতর অংশ ৪.৮৪ মিটার x ৪.৮৪ মিটার। চুন ও সুরকির তৈরির ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল ১.৮০ মিটার প্রশস্ত। মসজিদের চারকোণে এবং বারান্দার দুইকোণে বাহিরের দিকে একটি করে কাল পাথরের মিনার আছে।

মসজিদের প্রধান কামরার ও বারান্দার পূর্ব দেয়ালে তিনটি প্রবেশ দ্বার রয়েছে। মসজিদে প্রধান কক্ষের ছাদে বড় আকৃতির একটি গম্বুজ ও বারান্দার ছাদে তিনটি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের ভিতর পশ্চিম দেয়ালে উন্নতমানের কারুকাজে তিনটি মিহরাব আছে। ইটের সাথে পাথরের ব্যবহার দেয়ালের গাঁথুনি চোখে পরার মত। মসজিদে প্রবেশ করার জন্য পূর্বে একটি সিঁড়ি আছে।

সুরা মসজিদের ইতিহাস

ঐতিহাসিক সুরা মসজিদটি প্রায় ৫৫০ বছর আগে নির্মিত। তবে মসজিদটির নির্মাণকাল ও নাম নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। এই মসজিদটি অনেকের কাছে সৌর মসজিদ, সুরা মসজিদ আবার শাহ সুজা মসজিদ নামে পরিচিত।

স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ জিন। অনেকে বিশ্বাস করেন শতশত বছর আগে জিনেরা একরাতে এই মসজিদটি তৈরি করেন। আবার মসজিদের স্থাপত্যেশৈলী দেখে ধারণা করা হয় ষোল শতকে সুলতান আমলে হোসেন শাহীর শাসনামলে এই মসজিদ নির্মাণ করা হয়।

আবার অনেকে দাবি করেন মুঘল আমলে বাংলার সুবেদার শাহ্ সুজা এই মসজিদ নির্মাণ করেন। এজন্য এই মসজিদকে সুজা মসজিদ নামে ডাকা হয়।

কিভাবে যাবেন

ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে দিনাজপুর যেতে পারবেন। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন, এস এ পরিবহন, এস আর ট্রাভেলস, হানিফ পরিবহন, কেয়া পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ইত্যাদি বাসে চড়ে দিনাজপুর যেতে পারবেন। নন-এসি বাস ভাড়া ৮০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,৫০০ টাকা।

BM Khalid Hasan Sujon

বাস থেকে দিনাজপুর শহরে না নেমে পলাশবাড়ী বা গোবিন্দগঞ্জ নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে সরাসরি সুরা মসজিদে যেতে পারবেন। এছাড়া গাইবান্ধা থেকে সহজে যেতে পারবেন।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চড়ে গাইবান্ধা রেলস্টেশনে নেমে যাবেন। শ্রেণীভেদে টিকেট ৫৯৫ টাকা থেকে ২,০৯৭ টাকা। গাইবান্ধা রেলস্টেশন থেকে বাস বা সিএনজি করে পলাশবাড়ী যেতে হবে। পলাশবাড়ী থেকে সিএনজি বা অটোরিকশা করে সূরা মসজিদ যেতে পারবেন।

কোথায় খাবেন

মসজিদের আশেপাশে খাবার জন্য ভালো মানের হোটেল নেই। তাই ভালো মানের খাবার জন্য দিনাজপুর শহরে আসতে হবে। দিনাজপুর শহরে খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে দিলশাদ রেস্তোরাঁ, রুস্তম হোটেল, ফাইভ স্টার হোটেল উল্লেখযোগ্য।

এছাড়া পুলাহাট বিসিক এলাকায় অবস্থিত আবুল হোটেলে সাদা ভাত, গরু বা মুরগির মাংস, ডাল, মাছ, ডিম, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি খেতে পারেন।

BM Khalid Hasan Sujon

কোথায় থাকবেন

মসজিদ এলাকায় রাতে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। এজন্য রাতে থাকতে চাইলে দিনাজপুর শহরে আসতে হবে। দিনাজপুর শহর অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল ডায়মন্ড (0531-64629), হোটেল আল রশিদ (0531-64251), নিউ হোটেল (0531-68122), হোটেল নবীন (0531-64178), হোটেল রেহানা (0531-64414) উল্লেখযোগ্য।

এছাড়া দিনাজপুর পর্যটন মোটেল (0531-64718, 9899288-91) ও রামসাগর বন বিভাগের বাংলোতে অনুমতি নিয়ে ৫০০ থেকে ১,০০০ টাকায় এসি, নন-এসি রুমে থাকতে পারবেন।

আরো পড়ুন