মাদারীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাদারীপুর লেক পার্ক (Madaripur lake park). কাগজপত্রে “শকুনি লেক (Shokuni lake)” নামে পরিচিত হলেও স্থানীয় মানুষের কাছে “মাদারীপুর লেক” হিসাবে পরিচিত। ১৯৪৩ সালে খনন করা লেকের আয়তন ১,০১,১৭২ বর্গমিটার, দৈর্ঘ্য ৪৮৬ মিটার ও প্রস্থ ১৯৮ মিটার।
ঐতিহাসিকদের মতে পদ্মা ও আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রক্ষায় ২০ একর আয়তনের এই লেকটি খনন করে চারপাশে নতুন শহর স্থাপন করা হয়। প্রায় দুই হাজার শ্রমিক নয় মাস খনন করে লেকের কাজ সম্পন্ন করে।
প্রতিদিন বিকালে লেকের সৌন্দর্য উপভোগ এবং অবসর সময় কাটানোর জন্য শতশত দর্শনার্থীর আগমন ঘটে। বর্তমানে লেক পার্ক মাদারীপুরবাসীর বিনোদনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
লেক পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য মাদারীপুর পৌরসভা ২০১৩ সালে শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, শহীন কানন, বঙ্গবন্ধু ম্যুরাল, শান্তি ঘাটলা, এমপি থিয়েটার মঞ্চ, ওয়াচ টাওয়ার, কৃত্রিম ঝর্ণা, রেস্টুরেন্ট, কফি শপ ও বসার স্থান রয়েছে।
এছাড়া লেকের কাছে মাদারীপুর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা (পুলিশ স্টেশন, ডিসি অফিস, জামে মসজিদ, সহর হাসপাতাল, জেলা কারাগার, সার্কিট হাউস ইত্যাদি) গড়ে তোলা হয়েছে। লেকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ও টিকেট কেটে মাছ ধরার সুব্যবস্থা রয়েছে।
মাদারীপুর লেক পার্ক যাওয়ার উপায়
মাদারীপুর লেক পার্কে যেতে চাইলে প্রথমে মাদারীপুর জেলা সদর শহরে আসতে হবে। ঢাকার কেরানীগঞ্জ (নয়া বাজার ব্রীজের ওপার) থেকে মাদারীপুরগামী বাস সরাসরি চলাচল করে।
এছাড়া ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সার্বিক পরিবহন, সোহেল পরিবহন ও চন্দ্রা পরিবহন বাসে মাদারীপুর যেতে পারবেন। জনপ্রতি ভাড়া ৩৫০ থেকে ৪৫০ টাকা (ভাড়া পরিবর্তনশীল)। ঢাকা থেকে সড়কপথে মাদারীপুরের দূরত্ব ১২৮ কিলোমিটার, যেতে সময় লাগবে ৩ ঘন্টা।
মাদারীপুর নতুন বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা অটোরিকশা চড়ে লেক পার্কে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া লাগবে ২০ টাকা।
কোথায় কি খাবেন
মাদারীপুর খাবার জন্য ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে হোটেল মুনতাজ এন্ড্র রেস্টুরেন্ট, মাইশা হোটেল, লবঙ্গ রেস্টুরেন্ট, নবাব বাড়ি রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। এছাড়া লেকের পাশে ফুচকা, চটপটি, ঝালমুড়ি সহ অন্যান্য খাবার খেতে পারেন। মাদারীপুরের বিখ্যাত সুস্বাদু মিষ্টি খেয়ে দেখবেন।
কোথায় থাকবেন
মাদারীপুর থাকার জন্য বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল সার্বিক (01788-812111), হোটেল জাহিদ (01913-216663), হোটেল সুমন (01937-039050), হোটেল মেট্রো (01715-867962), হোটেল সামির ইন্টারন্যাশনাল (01915-995443) উল্লেখযোগ্য।
এছাড়া মাদারীপুর জেলা পরিষদের ডাকবাংলোতে অনুমতি নিয়ে থাকতে পারেন। মাদারীপুর আবাসিক হোটেল সমূহের তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।





