সবুজ অরণ্য আর কৃত্রিম জলসই ঘেরা মানিকছড়ি ডিসি পার্ক (Manikchari dc park)। মানিকছড়ি উপজেলার ডলু মৌজায় অবস্থিত এই ডিসি পার্ক। ১৬০ একর জায়গার উপর অবস্থিত এই পার্কটি ঘিরে বদলে যাচ্ছে খাগড়াছড়ির পর্যটন শিল্প।
বিলাশ আয়তনের এই পার্কে চোখে পড়বে সবুজ অরণ্য, ২২ টি উঁচু টিলা, ৩ টি দৃষ্টিনন্দন কৃত্রিম লেক, জলযান, ওয়াক-ওয়ে, গোলঘর, ট্রি হাউজ, গোধূলি পয়েন্ট, ট্যুরিস্ট সেন্টার, ওয়াশ ব্লক ও ক্যাম্পিং করার স্থান। এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য আছে নতুন নতুন সব এক্টিভিটিস।
নৈসর্গিক ও প্রকৃতিবান্ধব এই পার্কে বিলুপ্তপ্রায় ১০০ প্রজাতির দেশীয় গাছের প্রায় ২৫ হাজার চারা রোপণ করা হয়েছে। যার স্বীকৃতি হিসাবে ২০২৪ সালে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেয়েছে। পাশাপাশি এই ডিসি পার্কটি পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। শীত মৌসুমে এখানে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে।
যারা সবুজ অরণ্যের মাঝে সময় কাটাতে এবং নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে ক্যাম্পিং করতে চান তাদের জন্য মানিকছড়ি ডিসি পার্ক হতে পারে আদর্শ স্থান। এখানে গোধূলি পয়েন্টে দাঁড়িয়ে প্রিয় জনের সাথে সূর্যাস্ত দেখা সারাজীবন স্মৃতি হিসাবে মনে রাখতে পারবেন।
সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য

মানিকছড়ি ডিসি পার্ক প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। এছাড়া অন্যন্য রাইডের জন্য আলাদা টিকেট কাটতে হবে। জিপ লাইন ৩০০ টাকা, ট্রি-টপ এক্টিভিটিস ২৫০ টাকা, জায়ান্ট সুইং ১০০ টাকা, কায়াকিং ১০০ টাকা (৩০ মিনিট), ওয়াটার জিপ লাইন ১৫০ টাকা, আর্চারি ১০০ টাকা, ক্লাইম্বিং ওয়াল ১৫০ টাকা, কিডস জোন ১০০ টাকা, লেকভিউ ক্যাম্পিং ৩০০ টাকা, ক্যাম্পিং গ্রাইন্ড ফর ব্যাকপ্যাকার্স ৫০ টাকা, বাঁশের ভেলা ৫০ টাকা (৩০ মিনিট), প্যাডেল বেট ৫০ টাকা (৩০ মিনিট), জায়ান্ট দোলনা ফ্রি।
মানিকছড়ি ডিসি পার্ক যাওয়ার উপায়
মানিকছড়ি ডিসি পার্কে আসতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, গাবতলী, আরামবাগ, উত্তরা থেকে শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, ইকোনো পরিবহন, ঈগল পরিবহন, রিলাক্স পরিবহন, শান্তি পরিবহন, সেন্টমার্টিন হুন্দাই পরিবহনের বাসে চড়ে খাগড়াছড়ি আসতে পারবেন। নন-এসি এসি বাসের ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১,৬০০ টাকা।
বাস থেকে খাগড়াছড়ি শহরে নেমে বাস বা সিএনজি করে খুব সহজে মানিকছড়ি ডিসি পার্কে যেতে পারবেন। খাগড়াছড়ি জেলা শহর থেকে ডিসি পার্কের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।
কোথায় থাকবেন
মানিকছড়ি ডিসি পার্কের ভেতরে রাতে ক্যাম্পিং করার জন্য তাঁবুর ব্যবস্থা আছে। এছাড়া পার্কের কাছে ফটিকছড়ি বিবির হাটে জামান হোটেল ও হোটেল গ্রিন স্টার রেসিডেন্সিয়ালে (01756-825561) রাত্রিযাপন করতে পারেন।
খাগড়াছড়ি শহরে থাকার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল আছে। এর পাশাপাশি হোটেল হিল টাচ, শৈল সুবর্ন, হোটেল ইকো ছড়ি ইন, হোটেল মাউন্ট ইন, হোটেল নূর, অরণ্য বিলাস, গাংচিল সহ আরো অনেক আবাসিক হোটেল আছে। খাগড়াছড়ি হোটেল এন্ড রিসোর্ট ভাড়া ও যোগাযোগ তথ্য জানুন।
কোথায় খাবেন
খাগড়াছড়ি জনপ্রিয় রেস্টুরেন্ট গুলোর মধ্যে সিস্টেম রেস্তোরাঁ, পেডা টিং টিং, গাং সাবারং, চিম্বাল রেস্টুরেন্ট, পাজন রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। এছাড়া পার্কের পাশে মানিকছড়িতে নিরালা রেস্টুরেন্ট, কাঠ গোলাপ, ইত্যাদি ফাস্ট ফুড, মানিকছড়ি ফুড হাউজ, জেনারেল রেস্টুরেন্ট থেকে প্রয়োজনীয় খাবার খেতে পারেন।
খাগড়াছড়ি আরো দর্শনীয় স্থান সমূহ
মানিকছড়ি ডিসি পার্ক ছাড়াও খাগড়াছড়ি আরো অনেক দর্শনীয় স্থান আছে। এর মধ্যে স্বর্গের সিঁড়ি, আলুটিলা গুহা, খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র উল্লেখযোগ্য।





