খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে জিরোমাইল এলাকায় পাহাড়ের চূড়ায় খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ভেতর অবস্থিত খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ (khagrachari jhulonto bridge)। পার্কের ভেতর দুইটি পাহাড়কে সংযুক্ত করেছে ঝুলন্ত ব্রিজের মাধ্যমে।
৪ ফুট চওড়া ও ৫০ ফুট লম্বা ব্রিজের দুইপাশে নাইলনের নেটের রেলিং দেওয়া আছে। যার ফলে পর্যটকদের ঝুলন্ত ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ার ভয় নেই। আপনি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যখন হাঁটবেন তখন ব্রিজ কাঁপে।
ঝুলন্ত ব্রিজ পার হয়ে দ্বিতীয় পাহাড়ে গেলে একটি ট্রেন এ কিডস কর্নার দেখতে পাবেন। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের প্রধান আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ।
পার্কে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালি ছাড়াও এখানে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। পার্কের ভেতরে পাহাড়ের ভাঁজে ভাঁজে লেক রয়েছে, যেখানে বোড রাইডিং করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কে প্রায়শ নাটক ও শর্ট ফিল্মের শুটিং হয়।
প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী
খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে প্রবেশ টিকেট মূল্য ৪০ টাকা। সাত (৭) বছরের নিচে বাচ্চাদের জন্য টিকেট লাগে না। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পার্কটি খোলা থাকে।
খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ কিভাবে যাবেন
রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ, আরামবাগ ও উত্তরা থেকে হানিফ পরিবহন, ইকোনে, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহন, সৌদিয়া পরিবহন, গ্রিন লাইন পরিবহন, ঈগল পরিবহন, সেন্টমার্টিন হুন্দাই পরিবহনে চড়ে খাগড়াছড়ি জেলা শহরে যেতে পারবেন। ভাড়া লাগবে ৮০০ থেকে ১,৬০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৭ থেকে সাড়ে ৭ ঘন্টা।
বাস থেকে খাগড়াছড়ি জেলা শহরে নেমে সিএনজি বা রিকশা করে হর্টিকালচার পার্কে যেতে পারবেন। এছাড়া চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহন বা অন্যান্য পরিবহনে চড়ে খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের সামনে নামতে পারবেন।
কোথায় থাকবেন
খাগড়াছড়ি নিরাপদে থাকার জন্য হোটেল হিল টাচ, হোটেল মাউন্ট ইন, হোটেল নূর, অরণ্য বিলাস, শৈল সুবর্ন, হোটেল ইকো ছড়ি ইন, গাংচিল আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল আছে।
কোথায় খাবেন
হর্টিকালচার পার্কের ভেতরে খাবার জন্য ফুড জোন রয়েছে, এখানে ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পাওয়া যায়। খাগড়াছড়ির পেডা টিং টিং, সিস্টেম রেস্তোরাঁ, গাং সাবারাং, পাজন ও চিম্বাল রেস্টুরেন্ট থেকে পছন্দসই খাবার খেতে পারেন।
এছাড়া খাগড়াছড়ি বাস টার্মিনাল, শাপলা চত্বর ও পান্থা পাড়ায় খাবার জন্য ভালো মানের বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। খাগড়াছড়ি গিয়ে অবশ্যই পাহাড়ী খাবারের স্বাদ নিবেন।





