মেনকিউ পাড়া – আলীকদম, বান্দরবান

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গহীনে শামুক ঝিরির পাশে অবস্থিত মেনকিউ পাড়া (Menkiu Para)। সাধারণত আদিবাসীদের পাড়ার নামকরণ করা হয় পাড়ার সকলের ভোটের মাধ্যমে। এই পাড়ার নামকরণ করা হয় কারবারি মেনকিউ ম্রো এর নামে। বর্তমানে তার ছেলে পাপু ম্রো এই পাড়ার বর্তমান কারবারি।

প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মেনকিউ পাড়ার অন্য রকম একটি বৈশিষ্ট্য আছে। যা বান্দরবানের অন্যান্য আদিবাসী পাড়া গুলো থেকে সম্পূর্ণ আলাদা। ম্রোরা তাদের পাড়া বা গ্রাম গুলো যেকোনো পাহাড়ের কোলে বা চূড়ায় বানিয়ে থাকে, কিন্তু এই মেনকিউ পাড়া একটি সমতল ঝিরির পাশে গড়ে উঠেছে। যার নাম শামুক ঝিরি।

পাড়ার পাশ দিয়ে বয়ে চলা এই ঝিরির পানিতে পাড়ার লোকজন গোসল, কাপড় ধোঁয়া সহ যাবতীয় কাজ করে থাকে। ঝিরি পথ ধরে প্রায় ১ ঘন্টার পথ ট্র্যাকিং করলে পৌঁছে যাবেন শামুক ঝর্ণায়। ঝর্ণায় যাওয়ার পথে দেখতে পাবেন ২,৭৯৮ ফুট উচ্চতায় থাকা চুম্বক রেঞ্জের দ্বিতীয় বৃহত্তর চূড়া রুংরাং তং। ম্রো ভাষায় রুংরাং শব্দের অর্থ ধনেশ পাখি আর তং শব্দের অর্থ পাহাড়। চুম্বক রেঞ্জের এই এলাকায় আগে প্রচুর ধনেশ পাখির আনাগোনা ছিলো তাই এই পাহাড়ের নামকরণ করা হয় রুরাং তং।

মেনকিউ পাড়ার শুরুর দিকে মাত্র ৩০-৩৫ ঘর লোকের বসতি ছিল। বর্তমানে লোক সংখ্যা ৩০০ জনের অর্ধিক। যার মধ্যে ৪০-৪৫ জন বাচ্চা। যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মেনকিউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে। বর্তমানে এই বিদ্যালয় ৪ জন শিক্ষক আছেন। যাদের মধ্যে একজন ম্রো এবং বাকি ৩ জন বাঙালি।

BM Khalid Hasan Sujon

মেনকিউ পাড়া কিভাবে যাবেন

মেনকিউ পাড়া যেতে প্রথমে আপনাকে বান্দরবান জেলার আলীকদম উপজেলা শহর যেতে হবে। আলীকদম পানবাজার থেকে কম খরচে একজন গাইড নিবেন। গাইড ফি নিদিষ্ট করা নেই তাই দামাদামি করে গাইডের ফি ঠিক করবেন।

আলীকদম পানবাজার থেকে মোটরসাইকেল বা চান্দের গাড়িতে করে ১৩ কিলো যাবেন। মোটরসাইকেলে জনপ্রতি ভাড়া ২৫০ টাকা এবং চান্দের গাড়ি ভাড়া ২,৭০০-৩,০০০ টাকা। ১৩ কিলো থেকে নৌকায় দুসরী বাজার যাবেন। দুরসী বাজার থেকে মেনকিউ পাড়া ৪০ মিনিটের রাস্তা। ট্র্যাকিং করে যেতে যেতে বিশাল তামাক বাগান চোখে পড়বে।

ঢাকা থেকে আলীকদমঃ ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বান্দরবানের আলীকদম সরাসরি বাস চলাচল করে। হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন সহ যেকোনো পরিবহনে চড়ে আলীকদম যেতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৯০০-১,৬০০ টাকা।

BM Khalid Hasan Sujon

থাকা-খাওয়ার ব্যবস্থা

রাতে মেনকিউ পাড়ায় থাকতে পারবেন। এজন্য পাড়ার কারবারীর সাথে প্রথমে কথা বলে নিতে হবে। আলীকদমের প্রত্যেকটি পাড়ার কারবারীর বাড়িতে অতিথীদের থাকা-খাবার ব্যবস্থা করে থাকে।

গাইড

অবশ্যই গাইড নিবেন। রাজু (গাইড) 01890-609437, ফারুক (গাইড) 01869-001454, মানিক (গাইড) 01826-614935

আরো পড়ুন