প্রান্তিক লেক, বান্দরবান

বান্দরবান জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে কেরাণীহাটের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত প্রান্তিক লেক (Prantik lake)। এটি বান্দরবান জেলার একটি কৃত্রিম লেক, যা জেলার এক প্রান্তে অবস্থিত বলে নামকরণ করা হয়েছে প্রান্তিক লেক।

এই লেকের আয়তন প্রায় ২৫ একর জায়গা জুড়ে হলেও পুরো কমপ্লেক্সেটি প্রায় ৬৮ একর পাহাড় বেষ্টিত। লেকের চারপাশে পাহাড়ি নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর। দূর থেকে ভেসে আসে পাখির কলতান।

শান্ত নীল লেকের জলে ভেসে বেড়ানোর জন্য ৪ টি কায়াকিং বোট, ১ টি প্যাডেল বোট, ১ টি সোলার বোট আছে। লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আছে জিপলাইন, গাছের ডালে ডালে চড়ার জন্য আছে ট্রি টপ অবস্ট্রাকল রাইড, পিকনিক স্পট, বিশ্রামগার, উন্মুক্ত মাটির মঞ্চ, উঁচু গোল ঘর ও  শিশুদের জন্য আছে মিনি পার্ক। এছাড়া লেকে অনুমতি নিয়ে মাছ ধরতে পারবেন।

চারপাশে পাহাড়ের সবুজ বনানী আর মাঝখানে নীল জলের লেক এখানে একটি ভিন্ন মাত্রা তৈরি করেছে। প্রিয়জন, বন্ধু-বান্ধব বা পরিবার নিয়ে এখানে একটি দারুণ দিন কাটিয়ে দিতে পারবেন। এখানকার শীতল বাতাস আপনার সকল ক্লান্তি নিমিষেই দুর করে দিবে।

BM Khalid Hasan Sujon

প্রান্তিক লেক যাওয়ার উপযুক্ত সময়

প্রান্তিক লেকে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ মাস অর্থাৎ শীতকাল। এসময় চারপাশের আবহাওয়া শুষ্ক থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া এসময় বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও মেঘের ওড়াউড়ি দেখতে পাবেন।

প্রবেশ টিকেট মূল্য

প্রান্তিক লেকের প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা।

কিভাবে যাবেন

প্রান্তিক লেক যেতে হলে প্রথমে বান্দরবান জেলা শহর আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সৌদিয়া পরিবহন ও সেন্টমাটিন পরিবহনে চড়ে সরাসরি বান্দরবান যেতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৯০০ থেকে ১,৮০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা।

BM Khalid Hasan Sujon

বাস থেকে বান্দরবান শহরে নেমে বাস বা সিএনজি করে ১২ কিলোমিটার দূরে হলুদিয়া আসতে হবে। হলুদিয়া বাজার থেকে লোকাল বা রিজার্ভ সিএনজি ভাড়া করে প্রান্তিক লেকে যেতে পারবেন। রিজার্ভ সিএনজি ভাড়া ১২০-১৫০ টাকা। এছাড়া বান্দরবান জেলা শহর থেকে জীপ, প্রাইভেট কার ও চান্দের গাড়ী যোগে সরাসরি লেকে আসতে পারবেন।

এছাড়া বান্দরবান জেলা শহর থেকে চান্দের গাড়ী যাওয়া-আসা ভাড়া ১,২০০ টাকা।

কোথায় থাকবেন

প্রান্তিক লেকে থাকার কোনো ব্যবস্থা নেই। তাই দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। এখানে ঘুরতে আসা পর্যটকেরা দিনে গিয়ে দিনে ফিরে এসে বান্দরবান শহর বা মেঘলা পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করে। বান্দরবান হোটেল ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

আপনারা বন্ধু-বান্ধব নিয়ে লেকের পাড়ে তাবু টাঙিয়ে ক্যাম্পিং করতে পারবেন। সেক্ষেত্রে বান্দরবান ডিসি অফিস থেকে অনুমতি নিতে হবে।

BM Khalid Hasan Sujon

কোথায় খাবেন

লেকে খাবার ব্যবস্থা নেই। এখানে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে করে হালকা খাবার ও পানি নিয়ে যেতে হবে। বান্দরবান শহরে গিয়ে ভালো মানের খাবার খেতে পারবেন। এখানে স্কুল কলেজের শিক্ষার্থী শীতকালে পিকনিক করতে এসে নিজেরা রান্না করে খাওয়া-দাওয়া করে।

আরো পড়ুন