মসজিদ আল মোস্তফা (Masjid al mustafa) রাজধানী ঢাকার ১০০ ফিটে মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের একপাশে বসুন্ধরা আবাসিক এলাকা এবং অপরপাশে ইউনাইটেড প্রকল্প। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ পথে মসজিদটির অবস্থান।
দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। পবিত্র কাবা শরিফের আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের সামনে কালো রংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি এবং দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা:) এর নাম।
মসজিদের ভেতরে বড় অক্ষরে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:)। পাঁচতলা বিশিষ্ট মসজিদটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিটি ফ্লোর থেকে ইমাম-খতিবকে দেখা যায়। দৃষ্টিনন্দন এই মসজিদটির কোন জালনা নেই কিন্তু প্রাকৃতিক আলো বাতাস ভেতরে প্রবেশ করছে।
মসজিদে নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তারা বেঞ্চে বসে নামাজ আদায় করতে পারবেন। আবার কেউ হেলান দিয়ে বসে পারবেন। পুরুষের পাশাপাশি মসজিদে নারীদের নামাজ আদায় করার আলাদা জায়গা আছে। পুরুষ-নারী মিলিয়ে একসঙ্গে প্রায় ১১ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে।
মসজিদ আল মোস্তফার মেঝেতে বিছানোর জন্য চীন থেকে আনা হয়েছে উন্নত মানের কার্পেট। মাঝ বরাবর লাগানো হয়েছে চমৎকার ঝাড় বাতি। লাগানো হয়েছে সেন্ট্রাল এয়ার কান্ডিশন ও উন্নত মানের সাউন্ড সিস্টেম। এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে উঠতে দুইটি চলন্ত সিড়ি আছে। আকর্ষণীয় ডিজাইনে মসজিদের অজুখানা তৈরি করা হয়েছে। যেখানে বেশ কয়েকটি বেসিন বসানো হয়েছে।
মসজিদের চারপাশে সৌদি আরব থেকে আনা চারটি খেজুর গাছ লাগানো হয়েছে। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা এবং চারপাশের সবুজেঘেরা প্রকৃতিক পরিবেশ। মসজিদের উপরে সোনালী রঙের বিশাল আকারের একটি গম্বুজ আছে। চারপাশে বিশাল উচ্চতার মিনার আছে। গম্বুজ ও মিনার মসজিদের সৌন্দর্য কয়েক গুন বৃদ্ধি করেছে।
মসজিদটির নিচে গাড়ি পাকিং জায়গা করা হয়েছে। যেখানে একসঙ্গে প্রায় ১৫০ টি গাড়ি পাকিং করা যাবে। সন্ধ্যার পরে যখন মসজিদের সব বাতি জ্বলে উঠে অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠে। মসজিদ আল মোস্তফার নান্দনিক ডিজাইনের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ নামাজ আদায় করতে এবং মসজিদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। বর্তমানে এটি শুধু মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে।
মসজিদ আল মোস্তফা কিভাবে যাবেন
প্রাইভেটকার/মোটরসাইকেল/সিএনজি করে বাড্ডা ও নতুনবাজার থেকে ১০০ ফিট রাস্তা দিয়ে মাদানি এভিনিউয়ে রোড় ধরে সোজা সাতারকুলের দিকে এগিয়ে গেলে ডানপাশে ইউনাইটেড সিটির পাশে অবস্থিত মসজিদ আল মোস্তফা।
এছাড়া প্রগতি সরণি দিয়ে চলাচলকারী যেকোনো বাসে চড়ে নতুনবাজার বা বাড্ডা নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে মাদানি এভিনিউয় বা সাতারকুল মসজিদ এলাকায় অবস্থিত মসজিদ আল মোস্তফা যেতে পারবেন।





