একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা। শ্রীমঙ্গলে উঁচু নিচু পাহাড়ে সারি সারি চা বাগান ছাড়াও  আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, রাবার বাগান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, হামহাম জলপ্রপাত উল্লেখযোগ্য। রাজধানী ঢাকা থেকে খুব সহজে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ করা যায় বলে পর্যটকদের শ্রীমঙ্গল ভ্রমণে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে।

প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য শ্রীমঙ্গল ভ্রমণ পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক দিন হাজার হাজার দেশি-বিদেশী পর্যটকদের আগমন ঘটে।

একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ (ট্যুর প্ল্যান ১)

আপনি ঢাকা থেকে একদিনে শ্রীমঙ্গল ঘুরে আসতে পারবেন। এজন্য ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাতের বাসে শ্রীমঙ্গল রওনা দিলে ভোরে পৌঁছে যাবেন। ট্রেনে যেতে চাইলে সিলেটগামী উপবন এক্সপ্রেসে যাওয়া ভালো।

BM Khalid Hasan Sujon

রাতে ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে শ্রীমঙ্গল রওনা দিলে ভোরে পৌঁছে যাবেন। শ্রীমঙ্গল শহর থেকে সকালের নাস্তা শেষ করে পিজ বা সিএনজি রিজার্ভ ভাড়া করে প্রথমে চলে যাবেন মাধবপুর লেক। লেকের শান্ত পরিস্কার জল এবং চারপাশের সবুজ চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মাধবপুর লেকে যেতে রাস্তায় দুপাশে চা বাগান দেখতে পাবেন।

মাধবপুর লেকে কিছুটা সময় কাটিয়ে চলে যাবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে বনের মধ্যে সরু পথে ট্রেকিং করে বনের জীববৈচিত্র্য দেখতে পারবেন। দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে শ্রীমঙ্গল শহরে ফিরে গিয়ে পানসী বা পাঁচ ভাই হোটেলে দুপুরের খাবার খেয়ে নিবেন।

দুপুরের খাবার খেয়ে চলে যাবেন শ্রীমঙ্গলের একমাত্র সিতেশ বাবুর চিড়িয়াখানা দেখতে। সেখান থেকে নীলকন্ঠ চা কেবিনের সাত রঙের চা খেয়ে চা গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখে আসবেন। এসব কিছু আপনাকে বিকাল ৫ টা মধ্যে ঘুরে দেখে শেষ করতে হবে, না হলে আপনি রাতের ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন না। ট্রেনের টিকেট অগ্রিম কেটে রাখবেন। চাইলে বাসে ঢাকায় ফিরতে পারেন।

একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ (ট্যুর প্ল্যান ২)

রাতে ঢাকা থেকে বাস বা ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করলে ভোরে শ্রীমঙ্গল পৌঁছে যাবেন। শ্রীমঙ্গল থেকে সকালের নাস্তা করে সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি বা জিপ গাড়ি ভাড়া করে চলে যাবেন হামহাম জলপ্রপাত দেখতে। শ্রীমঙ্গল থেকে কলাবন পাড়া পৌঁছাতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা।

BM Khalid Hasan Sujon

কলাবন পাড়া থেকে হামহাম ঝর্ণা যাওয়ার ট্রেকিং শুরু। হামহাম ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষা মৌসুমে যেতে হবে। ঝর্না দেখে দুপুরের মধ্যে শ্রীমঙ্গল শহরে ফিরে এসে পানসী বা পাঁচ ভাই হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিবেন।

পরিস্কার শান্ত নীল জলের লেক আর চারপাশে সবুজ চা বাগান দেখে আপনার মনে প্রশান্তি চলে আসবে। চাইলে পরিস্কার লেকের জলে গোসল করতে পারবেন। লেক ও চারপাশে চা বাগানের সৌন্দর্য উপভোগ করে চলে যাবেন নীলকন্ঠ কুঠিরের সাত রঙের চা খাওয়ার জন্য।

সাত রঙের চা খাওয়ার পর সময় পেলে ঘুরে দেখবেন চা গবেষণা ইনস্টিটিউট। বিকাল ৫ টার আগে অবশ্যই শ্রীমঙ্গল ভ্রমণ শেষ করে রাতের খাবার খেয়ে রাতের বাস বা ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আপনার সুবিধার জন্য বাস বা ট্রেনের ফিরতি টিকেট কেটে রাখবেন।

ঢাকা টু শ্রীসঙ্গল যাওয়ার উপায়

ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকার সায়েদাবাদ বা ফকিরাপুল বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহন (02-7541336), হানিফ পরিবহন (01713-201732), সিলেট এক্সপ্রেস, এনা পরিবহন (01958-135138), বিআরটিসি পরিবহন সহ অন্যান্য পরিবহনে চড়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল নন-এসি বাস ভাড়া ৫৭০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা। বাসে যেতে সময় লাগবে প্রায় ৪ ঘন্টা।

BM Khalid Hasan Sujon

ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, বা কালনী এক্সপ্রেস ট্রেনে চড়ে সিলেট হয়ে শ্রীমঙ্গল যেতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া ২৭৫ থেকে ৯৩৮ টাকা। ট্রেনে যেতে প্রায় ৪ ঘন্টা সময় লাগবে।

শ্রীমঙ্গল শহর থেকে বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখার জন্য রিজার্ভ সিএনজি বা জিপ গাড়ি ভাড়া নিবেন। গাড়ি ভাড়া করার আগে ড্রাইভারকে অবশ্যই বলে নিবেন কোথায় কোথায় ঘুরতে যাবেন। সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি ভাড়া ১,৫০০ থেকে ১,৭০০ টাকা এবং জিপ ৩,০০০ থেকে ৪,০০০ গাড়ি ভাড়া টাকা।

১ দিনে শ্রীমঙ্গল ভ্রমণের সম্ভাব্য খরচ

  • ঢাকা থেকে নন-এসি বাস ভাড়া ৫৭০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা।
  • ঢাকা থেকে ট্রেন ভাড়া ২৭৫ থেকে ৯৩৮ টাকা।
  • সকালের নাস্তা ৬০ টাকা।
  • সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি ভাড়া ১,৫০০ থেকে ১,৭০০ টাকা এবং জিপ গাড়ি ভাড়া ৩,০০০ থেকে ৪,০০০ টাকা।
  • লাউয়াছড়া জাতীয় উদ্যান টিকেট মূল্য ১৫০ টাকা।
  • দুপুরের খাবার ২০০ টাকা।
  • সাত রঙের চা ৭০ টাকা (এক কাপ)।
  • অন্যান্য খরচ ১০০ থেকে ২০০ টাকা।
  • রাতের খাবার ২০০ টাকা।
  • ফিরতি বাস বা ট্রেন ভাড়া একই।

একদিনে শ্রীমঙ্গল ট্যুরের পরামর্শ

  • সিএনজি বা জিপ গাড়ি রিজার্ভ ভাড়া করার আগে কোথায় কোথায় যাবেন বলে নিবেন এবং দামাদামি করে ভাড়া ঠিক করবেন।
  • কম খরচে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার খেতে পানসী বা পাঁচ ভাই হোটেল থেকে খাবার খাবেন।
  • স্থানীয় মানুষ ও আদিবাসীদের সাথে ভালো ব্যবহার করুন।
  • অপরিচিত কারো ছবি তুলতে চাইলে অবশ্যই তার অনুমতি নিবেন।
  • হামহাম জলপ্রপাতে ট্রেকিং করার সময় জোকের ব্যাপারে সতর্ক থাকবেন।
  • রাতের ট্রেনে ঢাকায় ফিরতে চাইলে বিকাল ৫ টার আগে রেলস্টেশনে চলে আসবেন।

আরো পড়ুন