চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ দশ মাইল বাজার এলাকায় অবস্থিত আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট (Akkas Lake View Park and Resort)। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ হাইওয়ে রোডের পাশে প্রায় ৪৫০ বিঘা জায়গায় উপর পার্কটি গড়ে তোলা হয়েছে।
বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টে রয়ে সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা। পার্কের ভেতরে প্রবেশ করলে প্রথমে চেখে পড়বে ফুলের রাজ্য গদখালি এর মতো ছাতা টাঙানো।
আক্কাস লেক ভিউ পার্কে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। এর মধ্যে হানি সুইং (৬০ টাকা), মেরিগো রাউন্ড (৫০ টাকা), টু-ইস্টার (৬০ টাকা), ওয়ান্ডার হুইল (৬০ টাকা), সোয়ান এ্যাডভেঞ্চার, জেড বিমান (৬০ টাকা), প্যারটুপার রাইড (৬০ টাকা), লেকে বোট রাইডিং, স্পিডবোট রাইডিং (৮০ টাকা), প্যাডেল বোট (৬০ টাকা) উল্লেখযোগ্য।
এছাড়া প্রজাপতি সেলফি জোন, কৃত্রিম পাহাড় ও ঝর্ণা, পিকনিক স্পট, জিম সেন্টার, সারাদিন রেস্ট ও রাত্রিযাপন করার জন্য কটেজ, খাবার ক্যান্টিন, নারী-পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা নামাজের স্থান ও টয়লেট।
শীতের মৌসুমে বিভিন্ন স্থান থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে পিকনিকে আসেন। এছাড়া আশেপাশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে বেড়াতে আসেন। বিলের মধ্যে খোলা পরিবেশে দৃষ্টিনন্দন আক্কাস লেক ভিউ পার্কটি দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
আক্কাস লেক ভিউ পার্ক প্রবেশ টিকেট মূল্য ও সময়সূচী
জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৬০ টাকা (৫ বছরের উর্ধ্বে বাচ্চাদের টিকেট প্রযোজ্য)। মোটরসাইকেল পার্কিং ২০ টাকা, প্রাইভেটকার পার্কিং ৬০ টাকা এবং বাস পার্কিং ২০০ টাকা।
লেক ভিউ পার্কটি প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। অনলাইন ওয়েবসাইট থেকে টিকেট কাটতে পারবেন।
যোগাযোগ
- ঠিকানা: দশ মাইল বাজার, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা
- মোবাইল নাম্বার: 01329-639409
- ফেসবুক পেজ | ওয়েবসাইট
কিভাবে যাবেন
আক্কাস পার্ক চুয়াডাঙ্গা যেতে চাইলে প্রথমে চুয়াডাঙ্গা জেলা সদর শহরে আসতে হবে। চুয়াডাঙ্গা রেলস্টেশন বা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সিএনজি বা অটোরিকশা করে সরাসরি আক্কাস পার্কে যেতে পারবেন।
রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে রয়েল এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, জে আর পরিবহন, মেহেরপুর ডিলাক্স, দর্শনা ডিলাক্স, সুমন হিনোলাক্সার সহ যেকোনো পরিবহনে চুয়াডাঙ্গা আসতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে ভাড়া ৭০০ থেকে ১,৩০০ টাকা। ঢাকা থেকে চুয়াডাঙ্গা যেতে সময় লাগে প্রায় ৫-৬ ঘন্টা।
ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস (৭২৬), চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ও বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনে চড়ে চুয়াডাঙ্গা আসতে পারবেন। ট্রেনের আসন ভেদে ভাড়া ৪৬৫ থেকে ১,৬১০ টাকা।
কোথায় থাকবেন
আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টে দর্শনার্থীদের থাকার জন্য সারিবদ্ধ ৮ টি কটেজ রয়েছে। আপনি এখানে সারাদিনের জন্য কটেজ ভাড়া নিতে পারবেন। আবার সারাদিন-রাতের জন্য কটেজ ভাড়া নিতে পারবেন। কটেজ ভেদে ভাড়া ২,০০০ থেকে ৬,০০০ টাকা।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা শহরে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। এর মধ্যে মিজান আবাসিক হোটেল (01711-443081), হোটেল অবসর (076162405), হোটেল সোনার বাংলা (01714-812527), হোটেল সুরমা (01711-939697), শয়ন বিলাস আবাসিক হোটেল (076163778), প্রিন্স আবাসিক হোটেল (076162702) উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
লেক ভিউ পার্কের মধ্যে দর্শনার্থীদের খাবার জন্য রেস্টুরেন্ট ও ঝালমুড়ি, চটপটি, ফুসকা ইত্যাদি খাবারের দোকান আছে। পার্কের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার অর্ডার করে খেতে পারবেন।
এছাড়া চুয়াডাঙ্গায় খাবার জন্য হোটেল শায়েদ প্লেস ক্যাফে এন্ড রেস্তোরাঁ, রেড চিলি, গ্রিন ফুড, সাগ্গার ড্যাডি, মেহমান খাবার হোটেল, ভাই ভাই ফুচকা হাউজ উল্লেখযোগ্য।





