বগা লেক, বান্দরবান

বগা লেক (Boga lake) বান্দরবান জেলা শহর থেকে ৭০ কিলোমিটার এবং রুমা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের চূড়ায় ১৫ একর জায়গা জুড়ে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে বগালেকের উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার)। ভূ-তত্ববিদগনের মতে প্রায় ২০০ বছর আগে মৃত কোন আগ্নেয়গিরি জ্বালামুখ বা উল্কাপিন্ডের আঘাতে এই লেক তৈরি হয়। অনেকের কাছে বগা লেক ড্রাগন লেক নামে পরিচিত।

প্রাকৃতিক ভাবে সৃষ্ট নীল জলের এই লেক সকাল, সন্ধ্যা ও রাতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। সকালের আলো যেমন বগালেককে সতেজ করে তুলে ঠিক তেমনি সন্ধ্যায় মায়াবী রূপ ধারণ করে। আর যদি জ্যোৎস্না রাত লেকে কাটান তাহলে জীবনের সেরা একটি রাত উপভোগ করতে পারবেন।

বগা লেক ঘুরতে আসা পর্যটকেরা লেকের পরিস্কার নীল জলে গোসল করে। লেকের ছোট ছোট মাছ পর্যটকদের পায়ে এসে ঠোকর দেয়। কেউবা আবার প্রিয়জন, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করে। আবার কেউ কেউ নৌকায় চড়ে ঘুরে বেড়ায়।

স্থানীয় আদিবাসীদের ধারণা এই লেকের আশেপাশে দেবতারা বসবাস করে। এজন্য এখানে তারা পূজা দেন। স্থানীয় আদিবাসীদের উপকথা অনুযায়ী বহুকাল আগে পাহাড়ের গুহায় একটি ড্রাগন দেবতা বাস করতো। বম ভাষায় ড্রাগনকে বগা “বলা” হয়। গ্রামের কয়েকজন এই ড্রাগন দেবতাকে হত্যা করলে পাহাড়ের চূড়াটি লেকে পরিণত হয় এবং গ্রামগুলো ধ্বংস করে ফেলে। 

BM Khalid Hasan Sujon

অপর এক পৌরাণিক কাহিতে বলা হয় বহুকাল আগে বগা লেক ছিল একটি সমৃদ্ধ ম্রো গ্রাম। গ্রামের পাশের একটি সুড়ঙ্গে বড় একটি সাপ থাকত। একদিন গ্রামবাসী সাপটি ধরে খেয়ে ফেলে। সাপ খাওয়ায় নাগরাজ প্রতিশোধ হিসাবে গ্রামটি বগা লেকের সৃষ্টি করে। যদিও এই উপকথার সাথে বাস্তব কোনো প্রমাণ নেই।

বান্দরবান জেলা শহর থেকে বগা লেক যাওয়ার পুরোটা পাহাড়ি দুর্গম আঁকাবাঁকা রাস্তা। যাত্রাপথে আপনি ক্লান্ত হলেও সবুজ পাহাড় আর শান্ত নীল জলের লেক শীতল বাতাস আপনার সকল ক্লান্তি নিমিষেই দূর করে দিবে। তাই প্রতিদিন হাজারো দর্শনার্থী বগা লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছে।

বগা লেক ভ্রমণের উপযুক্ত সময়

বগা লেক ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ মাস অর্থাৎ শীতকাল।

BM Khalid Hasan Sujon

কিভাবে যাবেন

বগা লেক যেতে প্রথমে আপনাকে বান্দরবান জেলা শহরে আসতে হবে। বান্দরবান জেলা শহর থেকে রুমা উপজেলা হয়ে বগালেক যেতে হবে।

ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, আরামবাগ ও ফকিরাপুল থেকে হানিফ পরিবহন, সৌদিয়া পরিবহন, শ্যামলী পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, ইউনিক পরিবহনের বাসে সরাসরি বান্দরবান যেতে পারবেন। নন-এসি/এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৯০০ থেকে ১,৮০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা।

এছাড়া ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে চট্টগ্রাম নতুন ব্রীজ বা বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে পূবালী ও পূর্বানী বাসে বান্দরবান যেতে পারবেন। চট্টগ্রাম থেকে বান্দরবান জনপ্রতি বাস ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা।

বান্দরবান থেকে বগা লেক যাওয়ার উপায়

বান্দরবান জেলা শহর জীপ পিক আপ সমিতি থেকে রিজার্ভ চান্দের গাড়ি বা জীপ গাড়ি ভাড়া করে সরাসরি বগালেক যেতে পারবেন। রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া ১৭,০০০ থেকে ২০,০০০ টাকা। এক রাত বগালেকে রাত্রিযাপন করে চান্দের গাড়িতে আবার ফিরে আসবেন। একটি গাড়ি ১০ থেকে ১৩ জন যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া বান্দরবান থেকে লোকাল বাসে রুমা বাজার গিয়ে সেখান থেকে বগা লেক যেতে পারবেন। বান্দরবান থেকে ১ ঘন্টা পরপর বাস রুমা বাজার ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া ১৫০ টাকা, দূরত্ব ৪৮ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা।

বগালেক যাওয়ার জন্য রুমা বাজার থেকে অবশ্যই একজন গাইড নিতে হবে। ১৩ জনের জন্য গাইড খরচ ১,৬০০ টাকা। রুমা বাজার থেকে বগা লেক যাওয়ার জন্য রুমা বাজার আর্মি ক্যাম্প থেকে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে অনুমতি নিতে হবে।

কোথায় থাকবেন

বগা লেকে থাকার জন্য উন্নত মানের কোনো হোটেল বা রিসোর্ট নেই। স্থানীয় আদিবাসীদের তৈরি করা ছোট ছোট বেশ কয়েকটি কটেজ আছে। প্রাকৃতির মাঝে এসব কটেজে থাকতে জনপ্রতি ২৫০-৩০০ টাকা খরচ হবে। একটি কটেজে ১০-১২ জন থাকতে পারবেন। এখানে কটেজ আগেই বুকিং করে যাবেন। কোনো কটেজ পছন্দ থাকলে গাইডকে বললে আগেই ঠিক করে রাখবে বা গিয়ে ঠিক করতে পারবেন।

কোথায় খাবেন

এখানে খাবার জন্য মোটামুটি মানের হোটেল ও রেস্টুরেন্ট আছে। সাদা ভাত, আলুভর্তা, পাহাড়ি মোরগ-মুরগি, গোয়াল, ডিম, ডাল, সবজি দিয়ে খেতে পারবেন। সাধারণত খাবার প্যাকেজ ৩০০-৩৫০ টাকা। রাতে কটেজে বারবিকিউ করে লেকের পাড়ে বসে খেতে পারবেন।

এছাড়া স্থানীয় আদিবাসীদের ঘরে খাবার খেতে পারবেন। এজন্য সেখানে পৌঁছেই গাইডের সাহায্যে আদিবাসীদের বলে রাখতে পারেন। কি কি খাবেন এবং কতজন খাবেন বিস্তারিত বলে রাখলে তারা খাবার ব্যবস্থা করবে।

এখানে রাস্তার পাশে অনেক পাহাড়ি ফলের টং দোকান দেখতে পাবেন। পাহাড়ি পেঁপে, আনারস, কলা, ড্রাগন, আমড়া, আম ইত্যাদি ফলের স্বাদ নিবেন।

ভ্রমণ পরামর্শ

  • বগা লেকে রবি ও টেলিকম সিম ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই সাথে করে এই সিম নিয়ে যাবেন।
  • বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সাথে রাখুন। তবে সোলার ব্যবস্থা আছে।
  • স্থানীয় আদিবাসীদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদের ছবি তোলার আগে অনুমতি নিবেন।
  • লেকে গোসল করার সময় সতর্ক থাকুন। কারণ এখানে সম্প্রতি কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
  • বান্দরবানের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলাচল করার সময় সতর্ক থাকুন।
  • অনুমতির জন্য জাতীয় পরিচয়পত্রের কয়েক কপি ফটোকপি সাথে রাখুন।

আরো পড়ুন

তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র
টাইটানিক ভিউ পয়েন্ট
খেমচং পাড়া
মেনকিউ পাড়া
প্রান্তিক লেক