টাইটানিক ভিউ পয়েন্ট, বান্দরবান

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের আনাচে-কানাচেতে ছড়িয়ে আছে অনেক পর্যটন স্থান। বান্দরবানের অধিকাংশ পর্যটন স্থান গুলো বান্দরবান-থানচি রোডের পাশে অবস্থিত। বান্দরবান-থানচি রোডের পাশে চিম্বুক ও নীলগিরির মাঝামাঝি এমন একটি দর্শনীয় স্থান টাইটানিক ভিউ পয়েন্ট (Titanic view point)।

আপনি যদি বান্দরবান ভ্রমণে যান তাহলে বান্দরবান-থানচি রোড ধরে চিম্বুক ও নীলগিরি যাওয়ার পথে এই ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এখান থেকে দাঁড়িয়ে বান্দরবানের উঁচু উঁচু সারি সারি সবুজ পাহাড়, আদিবাসী গ্রাম ও মেঘের ওড়াউড়ি দেখতে পাবেন।

ভোরবেলা টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড়ালে ভেসে আসা সাদা মেঘ আপনার ভিজিয়ে দিবে। আপনার মনে হবে আপনি মেঘের রাজ্যে আছেন। শেষ বিকালে সূর্যের সোনালী আলো ভিউ পয়েন্টকে রঙিন করে তুলে।

এই ভিউ পয়েন্টটি টাইটানিক জাহাজের সামনের অংশের মতো ডিজাইন করা হয়েছে তাই এই ভিউ পয়েন্ট নামকরণ করা হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য টাইটানিক ভিউ পয়েন্ট আদর্শ স্থান।

BM Khalid Hasan Sujon

টাইটানিক ভিউ পয়েন্ট কিভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল বা কল্যানপুন থেকে সরাসরি বান্দরবান যাওয়ার এসি/নন-এসি বাস পাওয়া যায়। নন-এসি বাস ভাড়া জনপ্রতি ৮০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,৫০০ টাকা। বাসে ঢাকা থেকে বান্দরবান যেতে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে।

এছাড়া আপনি চট্টগ্রাম শহরে নেমে নতুন ব্রিজ থেকে বাসে বান্দরবান যেতে পারবেন। আবার কক্সবাজারগামী যেকোনো বাসে কেরানীহাট নেমে সেখান থেকে বান্দরবান যেতে পারবেন।

বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি, জীপ গাড়ি বা সিএনজি ভাড়া করে টাইটানিক ভিউ পয়েন্ট যেতে পারবেন। বান্দরবান জেলা শহর থেকে ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

BM Khalid Hasan Sujon

একদিনে বান্দরবান ভ্রমণের জন্য রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া করে শহরের আশেপাশের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ নীলগিরি ও চিম্বুক একসাথে ঘুরে দেখে আসতে পারবেন। বান্দরবান ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।

কোথায় থাকবেন

টাইটানিক ভিউ পয়েন্টে পর্যটকদের থাকার ব্যবস্থা নেই। তাই অধিকাংশ পর্যটক রিজার্ভ গাড়ি ভাড়া করে ঘুরে দেখে আবার বান্দরবান ফিরে আসেন। বান্দরবান জেলা শহরে থাকার জন্য অনেক হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজ আছে। বান্দরবান হোটেল ভাড়া ও হোটেলের নাম জানতে এই আর্টিকেলটি পড়ুন। এছাড়া আপনি নীলগিরি থাকতে পারেন।

কোথায় খাবেন

টাইটানিক ভিউ পয়েন্টের সামনে আদিবাসীদের টং দোকান আছে। সেখান থেকে পাহাড়ি বিভিন্ন ফল ও চা-নাস্তা খেতে পারবেন। বান্দরবানের পাহাড়ি ফল খুবই মিষ্টি ও সুস্বাদু হয়। তাই অবশ্যই খেয়ে দেখবেন।

আপনি চাইলে বান্দরবান শহর থেকে ভিউ পয়েন্ট যাওয়ার সময় সাথে করে হালকা খাবার ও পানি নিয়ে যেতে পারেন। বান্দরবান-থানচি রোডে চিম্বুক ও নীলগিরিতে খাবার হোটেল আছে। ভালো মানের খাবার খেতে চাইলে বান্দরবান শহরে ফিরে এসে পছন্দের খাবার খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন