বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলার নাম বান্দরবান। কথায় আছে যে বান্দরবান দেখেনি সে বাংলাদেশ দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা পথ, উঁচু উঁচু পাহাড়, সবুজে মোড়ানো প্রকৃতি আর সাদা মেঘের ওড়াউড়ি দেখতে হলে বান্দরবান আসতে হবে। বান্দরবান জেলায় পর্যটকদের জন্য অনেক গুলো ভিউ পয়েন্ট আছে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট (Double hand view point) তার মধ্যে একটি।
বাংলাদেশের বান্দরবান জেলার বান্দরবান-থানচি রোড়ে নীলগিরির কাছে অবস্থিত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। এখানে পৌঁছে দেখতে পাবেন পাহাড়ের বুকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই স্থাপনা।
এই স্থাপনা দুইটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হবে কেউ যেন দুইটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই স্থাপনাটি, যেখান থেকে সবুজ পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন।
এখান থেকে উঁচু উঁচু পাহাড়, সবুজ ঘন বন ও ভেসে আসা সাদা মেঘের দৃশ্য দেখতে পাবেন। সকাল ও বিকালের আলো ভিউ পয়েন্টকে আরো রঙিন করে তুলে। সকালে আমি এখানে দাঁড়িয়ে মেঘ ছুয়ে দেখার অনুভূতি পেয়েছি এবং শেষ বিকালে পাহাড়ে সূর্যাস্তের সময় দারুণ দৃশ্য উপভোগ করেছি।
প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। আপনি যদি বান্দরবান ভ্রমণে যান তাহলে নীলগিরি যাওয়ার পথে এই ভিউ পয়েন্ট থেকে অবশ্যই ঘুরে দেখে যাবেন।
ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যাওয়ার উপায়
ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি বান্দরবান যাওয়ার এসি/নন-এসি বাস পাওয়া যায়। নন-এসি বাস ভাড়া জনপ্রতি ৮০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,৫০০ টাকা। বাসে ঢাকা থেকে বান্দরবান যেতে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে।
এছাড়া আপনি চট্টগ্রাম শহরে নতুন ব্রিজ থেকে বাসে বান্দরবান যেতে পারবেন। আবার কক্সবাজারগামী যেকোনো বাসে কেরানীহাট নেমে সেখান থেকে বান্দরবান যেতে পারবেন।
বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি, জীপ গাড়ি বা সিএনজি ভাড়া করে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেতে পারবেন। যারা বান্দরবান ভ্রমণ করবেন তারা একদিনের জন্য রিজার্ভ চান্দের গাড়ি ভাড়া করে শহরের আশেপাশের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ টাইটানিক ভিউ পয়েন্ট, নীলগিরি ও চিম্বুক একসাথে ঘুরে দেখে আসবেন।
বান্দরবানের এসব দর্শনীয় স্থান গুলো বান্দরবান-থানচি রোডে অবস্থিত। তাই একসাথে একদিনে ঘুরে দেখে আসলে সময় ও খরচ কম কম হবে। বান্দরবান ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।
কোথায় থাকবেন
বান্দরবান ভ্রমণের অধিকাংশ পর্যটক ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সহ আশপাশের পর্যটন স্পট গুলো দেখে বান্দরবান শহরে ফিরে আসে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থাকার ব্যবস্থা নেই। আপনি যদি ঔখানে থাকতে চান তাহলে নীলগিরি থাকতে পারেন।
বান্দরবান শহরে থাকার জন্য অনেক হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজ আছে। বান্দরবান হোটেল ভাড়া ও হোটেলের নাম জানতে এই আর্টিকেলটি পড়ুন।
কোথায় খাবেন
ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের সামনে আদিবাসীদের টং দোকান আছে। সেখান থেকে পাহাড়ি বিভিন্ন ফল ও চা নাস্তা খেতে পারবেন। বান্দরবানের পাহাড়ি ফল গুলো খুবই মিষ্টি ও সুস্বাদু হয়।
আপনি চাইলে বান্দরবান শহর থেকে যাওয়ার সময় সাথে করে হালকা খাবার ও পানি নিয়ে যেতে পারবেন। বান্দরবান-থানচি রোডে চিম্বুক ও নীলগিরিতে খাবার হোটেল আছে। ভালো মানের খাবার খেতে চাইলে বান্দরবান শহরে ফিরে গিয়ে পছন্দের খাবার খেতে পারবেন।





